ঢাকা, ২২ জুন সোমবার, ২০২৬ || ৯ আষাঢ় ১৪৩৩
good-food

৯২ বছরের বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিশর

লাইফ টিভি 24

প্রকাশিত: ০৯:৩৩ ২২ জুন ২০২৬  

১৯৩৪ সালে প্রথমবারের মতো বিশ্বকাপে অংশ নিয়েছিল মিশর। বিশ্বকাপের ইতিহাসে প্রথম আরব ও আফ্রিকান দল হিসেবে আসরে খেলেছিল তারা। তবে দীর্ঘ প্রায় এক শতাব্দী ধরে বিশ্বকাপে একটি জয়ের জন্য অপেক্ষা করতে হয়েছে দলটিকে।

অবশেষে সেই আক্ষেপ ঘুচল। প্রথমার্ধে পিছিয়ে পড়েও দ্বিতীয়ার্ধে দুর্দান্ত পারফরম্যান্সে স্মরণীয় জয় তুলে নিয়েছে মোহামেদ সালাহর দল। বিশ্বকাপের ‘জি’ গ্রুপের ম্যাচে নিউজিল্যান্ডকে ৩-১ গোলে হারিয়েছে মিশর।

ভ্যানকুভারে অনুষ্ঠিত ম্যাচের ১৫তম মিনিটে ফিন সারম্যানের গোলে এগিয়ে যায় নিউজিল্যান্ড। তবে ৫৮তম মিনিটে মোস্তাফা জিকোর গোলে সমতায় ফেরে মিশর। এরপর ৬৭তম মিনিটে অধিনায়ক মোহামেদ সালাহ দলকে এগিয়ে দেন। ম্যাচের শেষদিকে বদলি হিসেবে নেমে ব্যবধান আরও বাড়ান মাহমুদ আহমেদ ইব্রাহিম হাসান, যিনি ত্রেজেগে নামে বেশি পরিচিত।

বিশ্বকাপে নিজেদের প্রথম জয়ের পথে ৯২ বছর আগের একটি স্মৃতিও ফিরিয়ে এনেছে মিশর। ১৯৩৪ সালের বিশ্বকাপ অভিষেকে হাঙ্গেরির বিপক্ষে ৪-২ গোলে হেরেছিল তারা। তবে সেই ম্যাচে দুটি গোল করেছিল। এরপর এবারই প্রথম বিশ্বকাপের কোনো ম্যাচে একাধিক গোল করতে পারল ‘ফারাও’ নামে পরিচিত দলটি।

এই জয়ে দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে ‘জি’ গ্রুপের শীর্ষে উঠে এসেছে মিশর। আগের ম্যাচে তারা বেলজিয়ামের সঙ্গে ১-১ গোলে ড্র করেছিল। অন্যদিকে নিউজিল্যান্ড ইরানের সঙ্গে ২-২ গোলে ড্র করেছিল।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর