ঢাকা, ২০ নভেম্বর শুক্রবার, ২০২৬ || ৬ অগ্রাহায়ণ ১৪৩৩
good-food
১২

ক্ষণিকেই রাগ কমাবে যে ৩ শব্দ

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:১৭ ২০ নভেম্বর ২০২৬  

কথায় কথায় রেগে যাচ্ছেন? রাগের মাথায় বলে ফেলছেন এমন কিছু, যা পরে ভেবে খারাপ লাগছে? তবে, পরেরবার রাগ হলে একটু ভাবুন। মনে মনে বলুন, ‘এটা তো রাগ’। মনোবিজ্ঞানীদের মতে, নিজের অনুভূতিকে এভাবে চিহ্নিত করলে রাগের তীব্রতা কমতে পারে।

মনোবিজ্ঞানে এই কৌশলের নাম ‘অ্যাফেক্ট লেবেলিং’। সহজ কথায়, নিজের অনুভূতির একটি নাম দেওয়া। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ক্লিনিক্যাল সাইকোলজিস্ট লিজি ক্লিয়ারির মতে, কোনো অনুভূতিকে ভাষায় প্রকাশ করলে সেটি সামলানো সহজ হয়।

অনুভূতির নাম দিলে লাভ কী

ক্লিনিক্যাল সাইকোলজিস্ট ও মানসিক স্বাস্থ্যবিষয়ক গবেষক শ্যানন সাওয়ার-জাভালা বলেন, রাগের সময় মানুষ অনেকটা রাগের নিয়ন্ত্রণে চলে যায়। বুক ধড়ফড় করে, মাথায় নানা চিন্তা ঘুরতে থাকে। কখনো এমন কিছু বলে বা করে বসে, যার জন্য পরে আফসোস হয়।

কিন্তু তখনই যদি নিজেকে বলা যায়, ‘এটা তো রাগ’, তাহলে পরিস্থিতি কিছুটা বদলে যায়। মনে হয়, রাগ হচ্ছে ঠিকই, কিন্তু রাগই সবকিছু নয়। নিজের অনুভূতিকে তখন একটু দূর থেকে দেখার সুযোগ তৈরি হয়।

এখানে একটি বিষয় মনে রাখা দরকার। ‘আমি খুব রেগে আছি’ বলার বদলে ‘এটা তো রাগ’ বলা বেশি কার্যকর। এতে রাগকে নিজের পরিচয় না ভেবে সাময়িক একটি অনুভূতি হিসেবে দেখা যায়।

এই সামান্য বিরতিই কাজে দেয়। রাগের মাথায় কাউকে কটু কথা বলা কিংবা হুট করে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ভাবার সুযোগ পাওয়া যায়।

এর পেছনে মস্তিষ্কেরও ভূমিকা রয়েছে। রাগ বা ভয় পেলে মস্তিষ্কের একটি অংশ সক্রিয় হয়ে ওঠে। এর নাম অ্যামিগডালা। এটি বিপদ বুঝতে সাহায্য করে। এ সময় মানুষ অনেকটা আবেগের বশে কাজ করে।

কিন্তু যখন নিজের অনুভূতিকে কথায় প্রকাশ করা হয়, তখন মস্তিষ্কের আরেকটি অংশও কাজে যুক্ত হয়। এর নাম প্রিফ্রন্টাল কর্টেক্স। এটি চিন্তাভাবনা ও সিদ্ধান্ত নিতে সাহায্য করে। ফলে আবেগের চাপে হুট করে কিছু করে ফেলার প্রবণতা কমতে পারে।

কীভাবে অভ্যাস করবেন

কোনো কারণে রাগ হলে প্রথমেই নিজেকে প্রশ্ন করুন, কী অনুভূতি হচ্ছে? রাগ, ভয়, দুঃখ নাকি উদ্বেগ? এরপর অনুভূতিটিকে একটি নামে ডাকুন। যেমন, ‘এটা তো রাগ’, ‘এটা তো ভয়’ কিংবা ‘এটা তো দুঃখ’।

অনুভূতিটা বুঝতে পারলে কী করা দরকার, সেটিও পরিষ্কার হতে পারে। যেমন, কারও অসম্মানজনক আচরণে রাগ হলে চিৎকার না করে নিজের অবস্থান পরিষ্কার করা যায়। আবার উদ্বেগ হলে কয়েকবার গভীর শ্বাস নেওয়া কিংবা কাছের কারও সঙ্গে কথা বলা যেতে পারে।

প্রতিদিন একটু চর্চা করুন

এ জন্য বিশেষ কোনো আয়োজনের দরকার নেই। শ্যানন সাওয়ার-জাভালার পরামর্শ, প্রথম সপ্তাহে প্রতিদিন অন্তত একবার নিজের অনুভূতির নাম বলার অভ্যাস করুন।

যেমন, যানজটে আটকে বিরক্ত হলে, অফিসে কারও সঙ্গে কথা-কাটাকাটি হলে কিংবা রাতে ঘুমাতে গিয়ে দুশ্চিন্তা তৈরি হলে একটু থামুন। নিজেকে জিজ্ঞাসা করুন, ‘আমার কী অনুভূতি হচ্ছে?’

এভাবে নিয়মিত চর্চা করলে নিজের আবেগের ধরনও বুঝতে পারবেন। হয়তো খেয়াল করবেন, প্রতিদিন সন্ধ্যায় কোনো বিশেষ কারণে রাগ বাড়ছে। কিংবা রাতে একাকিত্ব বেশি অনুভূত হচ্ছে।

লিজি ক্লিয়ারির মতে, নিজের অনুভূতিকে যত বেশি চিনতে ও ভাষায় প্রকাশ করতে পারবেন, নিজেকেও তত ভালোভাবে বুঝতে পারবেন। তাই পরেরবার রাগ হলে মনে মনে বলুন, ‘এটা তো রাগ’। মনে রাখবেন, রাগ হওয়া স্বাভাবিক। কিন্তু রাগের বশে কী করবেন, সেই সিদ্ধান্ত আপনারই।

লাইফস্টাইল বিভাগের পাঠকপ্রিয় খবর