ঢাকা, ২৬ নভেম্বর বৃহস্পতিবার, ২০২৬ || ১১ অগ্রাহায়ণ ১৪৩৩
good-food
১৯

নারায়ণগঞ্জে সাত খুন: ১৫ জনের মৃত্যুদণ্ড বহাল চায় রাষ্ট্রপক্ষ

লাইফ টিভি 24

প্রকাশিত: ২৩:২৭ ২৫ নভেম্বর ২০২৬  

নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলায় হাইকোর্টের রায়ে ১৫ আসামির মৃত্যুদণ্ড ও ১১ জনের যাবজ্জীবন কারাদণ্ড বহাল রাখার পক্ষে নিজেদের অবস্থান জানিয়েছে রাষ্ট্রপক্ষ।

বুধবার প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চে আসামিদের করা আপিলের শুনানি শেষে সাংবাদিকদের এ কথা জানান অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল।

শুনানির অগ্রগতি সম্পর্কে অ্যাটর্নি জেনারেল বলেন, “আসামিপক্ষের একজন আইনজীবী এদিন কিছুটা শুনানি শুরু করেছিলেন।” বৃহস্পতিবার সাধারণত আপিল বিভাগে অন্যান্য বিষয় শোনা হলেও বিশেষ বিবেচনায় এ মামলার শুনানি অব্যাহত থাকবে বলে জানান তিনি।

উল্লেখ্য, ২০১৪ সালের ২৭ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড থেকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের তৎকালীন প্যানেল মেয়র নজরুল ইসলামসহ পাঁচজনকে অপহরণ করা হয়। বিষয়টি দেখতে পেয়ে অপহরণের শিকার হন আইনজীবী চন্দন সরকার ও তার গাড়িচালক মোহাম্মদ ইব্রাহিম। তিন দিন পর, ৩০ এপ্রিল শীতলক্ষ্যা নদীতে ছয়জনের এবং পরদিন আরেকজনের লাশ উদ্ধার করা হয়।

২০১৭ সালের ১৬ জানুয়ারি নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ আদালত এ মামলায় রায় দেয়।

রায়ে র‍্যাব-১১ এর সাবেক অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তারেক সাঈদ, মেজর আরিফ হোসেন, কমান্ডার এম এম রানাসহ ২৬ জনকে মৃত্যুদণ্ড এবং সাবেক ওয়ার্ড কাউন্সিলর নূর হোসেনসহ নয়জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।

পরে হাইকোর্ট বিভাগ ১৫ জনের মৃত্যুদণ্ড বহাল রাখেন এবং ১১ জনের মৃত্যুদণ্ড পরিবর্তন করে যাবজ্জীবন কারাদণ্ড দেন। দণ্ডিত আসামিদের করা সেই আপিল এখন শুনানি চলছে।

অপরাধ বিভাগের পাঠকপ্রিয় খবর