ঢাকা, ১৬ অক্টোবর শুক্রবার, ২০২৬ || ১ কার্তিক ১৪৩৩
good-food
১৮

মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:২৬ ১৬ অক্টোবর ২০২৬  

মোটরসাইকেলের পেছনের পাশাপাশি সামনের অংশেও রেজিস্ট্রেশন নম্বর প্রদর্শন বাধ্যতামূলক করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। এ জন্য প্রাথমিকভাবে মালিকদের নিজস্ব ব্যবস্থাপনায় নির্ধারিত মাপ ও নকশা অনুসরণ করে ম্যানুয়াল নম্বরপ্লেট সংযোজন করতে হবে।

মালিকদের নিজের উদ্যোগেই এ নম্বরপ্লেট বসাতে হবে। এর শেষ সময় আগামী ১৫ নভেম্বর। এই সময়ের মধ্যে নির্দেশনা না মানলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

শুক্রবার (১৬ অক্টোবর) এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেয় বিআরটিএ।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সড়ক পরিবহন আইন, ২০১৮ এবং সড়ক পরিবহন বিধিমালা, ২০২২ অনুযায়ী মোটরসাইকেলের পেছনে কর্তৃপক্ষের অনুমোদিত আরএফআইডিসহ উন্নতমানের রেট্রো-রিফ্লেক্টিভ ধাতব নম্বরপ্লেট ব্যবহারের বিধান রয়েছে। এখন থেকে পেছনের পাশাপাশি সামনের অংশেও রেজিস্ট্রেশন নম্বর প্রদর্শন করতে হবে।

সামনের ম্যানুয়াল নম্বরপ্লেটের আকার মোটরসাইকেলের ধরন অনুযায়ী নির্ধারণ করেছে বিআরটিএ। স্কুটারের ক্ষেত্রে নম্বরপ্লেটের দৈর্ঘ্য হবে ২০০ মিলিমিটার এবং প্রস্থ ১০০ মিলিমিটার। অক্ষর ও সংখ্যার ফন্টের উচ্চতা কমপক্ষে ২০ মিলিমিটার হতে হবে।

স্কুটার ছাড়া অন্য মোটরসাইকেলের নম্বরপ্লেটের দৈর্ঘ্য হবে ২৮৫ মিলিমিটার এবং প্রস্থ ৫০ মিলিমিটার। এ ক্ষেত্রেও অক্ষর ও সংখ্যার ফন্টের উচ্চতা কমপক্ষে ২০ মিলিমিটার রাখতে হবে। এসব মোটরসাইকেলের রেজিস্ট্রেশন নম্বর একটি আনুভূমিক রেখায় লেখা যাবে। যেমন— ঢাকা মেট্রো-ল-১১-১২২৯।

নম্বরপ্লেট তৈরির উপকরণ ও নকশার বিষয়েও নির্দেশনা দিয়েছে বিআরটিএ। প্লেটটি স্টেইনলেস স্টিল অথবা অ্যালুমিনিয়ামের তৈরি হতে হবে। এর পটভূমি হবে সাদা এবং অক্ষর ও সংখ্যা হবে কালো রঙের। নম্বরপ্লেটে কোনো ধরনের শোভামূলক উপাদান, অতিরিক্ত নকশা বা ডিজাইন রাখা যাবে না।

অপরাধ বিভাগের পাঠকপ্রিয় খবর