ঢাকা, ০৮ নভেম্বর রোববার, ২০২৬ || ২৪ কার্তিক ১৪৩৩
good-food
৮

হাসিনাকে ফেরাতে এক্সট্রাডিশন চুক্তির আওতায় ভারতকে অনুরোধ

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৭:২২ ৮ নভেম্বর ২০২৬  

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনতে এক্সট্রাডিশন বা প্রত্যর্পণ চুক্তির আওতায় ভারতকে অনুরোধ করা হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

রবিবার (৮ নভেম্বর) রাজধানীর এক হোটেলে এক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

আইনমন্ত্রী বলেন, “শেখ হাসিনার বিষয়ে আইনগতভাবে যা যা করণীয় সেটা আমরা ডিউ প্রসেসে করেছি। সেখানে আমাদের আইনসঙ্গতভাবে ডিল করা হবে এটা দেখবেন যে, আমরা যখন কোনো পদক্ষেপ নেব এখানে ইমোশনের কোনো বিষয় নেই। বিষয়টা আমি আমরা আইনটাকে প্রয়োগ করবো। আমরা আইন প্রয়োগ যদি সঠিকভাবে না করি তখন আপনারা বলবেন।”

ভারতের আদালতে আইনি করা হবে কিনা সাংবাদিকদের এমন এক প্রশ্নে আইনমন্ত্রী বলেন, “এটা ভারত সরকারের ব্যাপার। এক্সট্রাডিশন চুক্তির আওতায় আমরা তাদের কাছে রিকোয়েস্ট করেছি।”

তিনি বলেন, “তারা আমাদেরকে হ্যান্ডওভার করলে আমরা তাকে ডিউ প্রসেসে যেভাবে আইনের আওতায় সোপর্দ করা দরকার সেভাবে করবো।”

ভারতে শেখ হাসিনা বন্দি হিসেবে নন বরং স্টেট গেস্ট হিসেবে আছেন সেক্ষেত্রে কীভাবে বন্দি বিনিময় চুক্তির আওতায় আনা হবে সাংবাদিকদের এমন প্রশ্নে আইনমন্ত্রী বলেন, “আমার কাছে উনি অপরাধী।”

জুলাই গণ অভ্যুত্থান ও এরপরে মানবতাবিরোধী বিচারের কথা তুলে ধরে তিনি বলেন, “আমাদের ট্রাইব্যুনাল কর্তৃক সাজাপ্রাপ্ত একজন অপরাধী। এটা হলো আমাদের কাছে তার পরিচয়। সেটা তারা কী বলছে তাদের বললে তো হবে না। আমার রাষ্ট্রের কাছে, ওপেন আদালতে বিচার হয়েছে।”

আইনমন্ত্রী বলেন, “আপনারা যখন এই প্রশ্নটা করছেন, তাহলে তার আগে চিন্তা করেন আপনারা, ১৪০০ মানুষ কী মারা যায়নি জুলাই গণ অভ্যুত্থানে, ৩০ হাজার মানুষ কী পঙ্গুই হয়নি? ন্যায়বিচারে কোন রকম ঘাটতি রাখা হয়েছে? বিচার প্রক্রিয়া কী আমরা ক্যামেরা ট্রায়াল করেছি? সাক্ষী কি সাক্ষী দেয়নি?”

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান জানান, শেখ হাসিনাকে দেশে “আনার জন্য যে ডিউ প্রসেস রিকোয়েস্ট পাঠানোর দরকার আমরা সেটা পাঠিয়েছি।”

বাংলাদেশ বিভাগের পাঠকপ্রিয় খবর