ঢাকা, ০৪ জুন বৃহস্পতিবার, ২০২৬ || ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
good-food
৮৪

এসি বন্ধের পরও ঘর থাকবে ঠান্ডা, জেনে নিন কৌশল

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৭:১৩ ১৭ এপ্রিল ২০২৬  

তীব্র গরমে এসি ছাড়া স্বস্তিতে থাকা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। কিন্তু বিদ্যুৎ বিলের কথা চিন্তা করে সারাদিন এসি চালিয়ে রাখা অনেকের পক্ষেই সম্ভব নয়। আবার দীর্ঘক্ষণ এসি চালানোর পর বন্ধ করলেই দ্রুত ঘর গরম হয়ে যায়। তবে কিছু কৌশল অবলম্বন করলে এসি বন্ধ করার পরও ঘর অনেকক্ষণ ঠান্ডা রাখা সম্ভব।

এসি বন্ধ করলেই ঘর গরম হয় কেন?

গরমের সময় ঘরের দেয়াল, আসবাব ও বিছানা তাপ শোষণ করে রাখে। এসি চললে এই তাপ সাময়িকভাবে কমে যায়, কিন্তু এসি বন্ধ করার সঙ্গে সঙ্গে সেই জমে থাকা তাপ আবার বের হতে শুরু করে। ফলে ঘর দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে।

জানলা-দরজা খুলবেন না

এসি বন্ধ করার সঙ্গে সঙ্গে ঘরের জানালা বা দরজা খোলা উচিত নয়। ঘর ঠান্ডা থাকা অবস্থায় জানালা-দরজা বন্ধ রাখলে ভেতরের শীতল বাতাস বেশিক্ষণ স্থায়ী হয়। রোদ আটকাতে জানালায় মোটা পর্দা ব্যবহার করা জরুরি। পর্দা বাইরের তাপ ভেতরে ঢুকতে বাধা দেয় এবং ঘরের শীতলতা ধরে রাখতে সাহায্য করে।

পাখার সঠিক ব্যবহার

অনেকে এসি ও পাখা একসঙ্গে চালান, যা সবসময় কার্যকর নাও হতে পারে। এর চেয়ে এসি বন্ধ করার ১৫-২০ মিনিট আগে ঘরের সিলিং ফ্যান চালিয়ে দিন। এতে এসির ঠান্ডা বাতাস পুরো ঘরে সমানভাবে ছড়িয়ে পড়বে। এরপর এসি বন্ধ করলেও ঘরের শীতল ভাব দীর্ঘস্থায়ী হবে।

ইলেকট্রনিক ডিভাইস বন্ধ রাখুন

ঘরের ভেতরে জ্বলন্ত বাতি, টেলিভিশন কিংবা কম্পিউটার চললে সেখান থেকে তাপ উৎপন্ন হয়। এসি বন্ধের পর ঘর ঠান্ডা রাখতে অপ্রয়োজনীয় আলো নিভিয়ে রাখুন এবং ইলেকট্রনিক ডিভাইসগুলো বন্ধ রাখুন। এছাড়া ঘরের ভেতর ইস্ত্রি করা বা রান্নার কাজ থেকে বিরত থাকুন, কারণ এসব কাজ ঘরকে দ্রুত গরম করে তোলে।

আসবাব ও বিছানায় পরিবর্তন

বিছানায় গাঢ় রঙের বদলে হালকা রঙের সুতির চাদর ব্যবহার করুন। হালকা রঙ তাপ কম শোষণ করে। এছাড়া মেঝেতে মাদুর বা পাতলা কার্পেট বিছিয়ে রাখতে পারেন। এই ছোট কৌশলগুলো ঘরকে দ্রুত গরম হওয়া থেকে রক্ষা করে এবং দীর্ঘক্ষণ আরামদায়ক পরিবেশ বজায় রাখে।