ঢাকা, ০৯ অক্টোবর শুক্রবার, ২০২৬ || ২৩ আশ্বিন ১৪৩৩
good-food
১৭

মেসির বিদায়ী ম্যাচে চরম অপমান ও বঞ্চনার অভিযোগ বেনিনের

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৮:১৪ ৮ অক্টোবর ২০২৬  

আর্জেন্টিনার সুপারস্টার লিওনেল মেসির বিদায়ী ম্যাচ খেলতে বুয়েনস আইরেস গিয়ে চরম অপমান ও বঞ্চনার শিকার হওয়ার অভিযোগ তুলেছে বেনিন। এস্তাদিও মনুমেন্তালে আয়োজকদের খামখেয়ালি আচরণ এবং প্রতিপক্ষ আর্জেন্টিনা দল থেকে ন্যূনতম সম্মান না পাওয়ার বিষয়টি প্রকাশ্যে এনে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন আফ্রিকার দলটির জার্মান প্রধান কোচ জার্নট রোহর।

ফরাসি গণমাধ্যম ‘আরএমসি রেডিও’কে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের ক্ষোভ প্রকাশ করে জার্নট রোহর বলেন, পরিস্থিতি অত্যন্ত কঠিন ছিল। আর্জেন্টাইনরা তাদের কিছুই দেয়নি; মেসির সঙ্গে কোনো ছবি তুলতে দেওয়া হয়নি, একটি জার্সিও দেওয়া হয়নি। এমনকি ড্রেসিংরুম কিংবা করিডোরেও বেনিনের খেলোয়াড়দের ঢোকার অনুমতি দেওয়া হয়নি।

প্রদর্শনী ম্যাচটিতে ৩-০ গোলে হারে বেনিন। খেলা শেষে স্বাগতিকেরা যখন বিশ্বজয়ী অধিনায়কের বিদায় উদযাপনে ব্যস্ত ছিল, তখন স্মারক হিসেবে একটি ছবি বা জার্সি বদলের অপেক্ষায় ছিলেন আফ্রিকার দলটির ফুটবলাররা।

সৌজন্যতার খাতিরে বেনিনের পতাকার রঙের একটি ফুলের তোড়াও উপহার দিতে চেয়েছিলেন তারা, তবে সেটিও গ্রহণ করা হয়নি। পুরো সফর থেকে স্মারক হিসেবে কেবল ২০১৮ সালের মেসির একটি পুরনো জার্সিতে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনির মাধ্যমে পাওয়া একটি সই ছাড়া আর কিছুই জোটেনি বেনিন কোচের।

সাংবাদিক রোমেন মোলিনা এ বিষয়ে লিখেছেন, বেনিনের প্রতি আর্জেন্টাইন ফুটবল ফেডারেশন ও তাদের খেলোয়াড়দের সম্মানের কোনো নমুনা ছিল না। কোনো বোনাস দেওয়া হয়নি, আয়ের এক সেন্টও মেলেনি, কোনো জার্সি বিনিময় বা ছবি তুলতে দেওয়া হয়নি। যাদের কেবল ব্যবহারের বস্তু বানিয়ে ব্যবসা করা হলো, তাদের ঘাড় ভেঙে সব লাভ তুলে নেওয়া হয়েছে।

দর্শকে ঠাসা গ্যালারির এই বিশাল আয়োজন থেকে কোনো অর্থ বা বোনাস না পাওয়া, বুয়েনস আইরেসে যাতায়াত এবং মানহীন হোটেল ব্যবস্থাপনা নিয়ে শুরু থেকেই বেনিন শিবিরের অভিযোগ ছিল। আটলান্টিক পারের এই তিক্ত ও অপমানজনক সফর পেছনে ফেলে এখন আফ্রিকান কাপ অব নেশনসের বাছাইপর্বে মনোযোগ দেওয়াই মূল চ্যালেঞ্জ জার্নট রোহর ও তাঁর শিষ্যদের।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর