ঢাকা, ১০ নভেম্বর মঙ্গলবার, ২০২৬ || ২৬ কার্তিক ১৪৩৩
good-food
১৫

হাসিনার প্রত্যর্পণ আইনি প্রক্রিয়ায় সমাধান হবে: জয়সওয়াল

লাইফ টিভি 24

প্রকাশিত: ২১:৪২ ১০ নভেম্বর ২০২৬  

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর অনুরোধ আইনি ও বিচারিক প্রক্রিয়ায় নিষ্পত্তি করা হবে বলে জানিয়েছেন ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।

মঙ্গলবার নয়াদিল্লিতে মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

একই সঙ্গে নতুন পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) এবং ভ্রমণ নথি ছাড়া তার প্রত্যর্পণ সম্ভব কি না এমন বিষয়কে কারিগরি ও আইনি প্রশ্ন হিসেবে উল্লেখ করেন জয়সওয়াল।

দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে শেখ হাসিনা পাসপোর্ট ও এনআইডির আবেদন করার খবর প্রকাশের পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে বিষয়টি নিয়ে একাধিক প্রশ্ন করেন সাংবাদিকরা।

জবাবে জয়সওয়াল বলেন, এ বিষয়ে বিস্তারিত জানতে বাংলাদেশ হাইকমিশনের সঙ্গে যোগাযোগ করা উচিত। বাংলাদেশের অবস্থান জানানোর জন্য হাইকমিশনই উপযুক্ত কর্তৃপক্ষ।

ভ্রমণ নথি ছাড়া প্রত্যর্পণ সম্ভব কি না এমন প্রশ্নে তিনি জানান, মানুষের যাতায়াতের জন্য ভ্রমণসংক্রান্ত নথি প্রয়োজন। তবে এটি একটি কারিগরি ও আইনি বিষয় যা আইন অনুযায়ী সমাধান করা হবে। 

শেখ হাসিনার প্রত্যর্পণের অনুরোধ নিয়ে দুই দেশের সর্বশেষ আলোচনা সম্পর্কে জানতে চাওয়া হলে মুখপাত্র স্পষ্ট করেন, বিষয়টি আইনি ও বিচারিক প্রক্রিয়ায় এগিয়ে নেওয়া হবে।

দেশে ফেরার প্রস্তুতি ও পাসপোর্টের আবেদন

ভারতে অবস্থানরত শেখ হাসিনা বাংলাদেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন করেছেন। সোমবার তার আইনজীবীরা নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে এ-সংক্রান্ত চিঠি পাঠান। চিঠিতে তার বাংলাদেশের নাগরিকত্ব এবং আন্তর্জাতিক মানবাধিকার চুক্তির বাধ্যবাধকতার কথা উল্লেখ করে দ্রুত নথি ইস্যুর অনুরোধ জানানো হয়।

তবে বাংলাদেশ সরকার তার এই আবেদন প্রত্যাখ্যান করে এবং বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে হস্তান্তরের দাবি জানায়।

উল্লেখ্য, ২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। আন্দোলন দমনে মানবতাবিরোধী অপরাধের দায়ে গত বছরের নভেম্বরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে মৃত্যুদণ্ড দেন। 

তবে তিনি এসব অভিযোগ অস্বীকার করে আসছেন এবং আগামী ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনার কথা জানিয়েছেন। বাংলাদেশ সরকার তাকে ফেরত চেয়ে একাধিকবার ভারতের কাছে আনুষ্ঠানিক অনুরোধ পাঠালেও নয়াদিল্লি বিষয়টি আইনি পর্যালোচনায় রেখেছে।

ঢাকাকে দিল্লি হিসেবে দেখানোর অভিযোগ

সংবাদ সম্মেলনে বাংলাদেশে ধারণ করা ভিডিও ও ছবিকে ভারতের রাজধানী নয়াদিল্লির দৃশ্য হিসেবে প্রচারের অভিযোগ নিয়েও প্রশ্ন ওঠে। কয়েকজন চীনা নাগরিক ঢাকার ভিডিও ধারণ করে দিল্লির দৃশ্য হিসেবে চীনা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করেছেন এমন প্রতিবেদনের বিষয়ে ভারতের দৃষ্টি আকর্ষণ করা হয়।

জবাবে জয়সওয়াল বলেন, প্রতিবেদনগুলো ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নজরে এসেছে। কোনো দেশের বিকৃত বা বিভ্রান্তিকর চিত্র তুলে ধরা দুর্ভাগ্যজনক। এতে জড়িতরা নিজেদের বিশ্বাসযোগ্যতা ক্ষুণ্ন করছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া। চীনের সঙ্গে ভারতের বিভিন্ন বিষয়ে নিয়মিত আলোচনা হয় এবং সেখানে উদ্বেগের বিষয়গুলো তুলে ধরা হয় বলেও জানান তিনি।

গঙ্গার পানি চুক্তি ও তারেক রহমানের সফর

বাংলাদেশ ও ভারতের মধ্যে ১৯৯৬ সালে স্বাক্ষরিত গঙ্গার পানি বণ্টন চুক্তির ৩০ বছর মেয়াদ আগামী ১২ ডিসেম্বর শেষ হতে যাচ্ছে। এ চুক্তির নবায়ন বা নতুন অগ্রগতির বিষয়ে জানতে চাইলে জয়সওয়াল বলেন, এ মুহূর্তে নতুন কোনো তথ্য নেই; আগের সংবাদ সম্মেলনে দেওয়া বক্তব্যই বহাল রয়েছে।

এ ছাড়া বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, সফর নিয়ে নতুন কোনো তথ্য নেই, অগ্রগতি হলে তা জানানো হবে। উল্লেখ্য, ভারতের পক্ষ থেকে তারেক রহমানকে দিল্লি সফরের আমন্ত্রণ জানানো হলেও সফরের তারিখ এখনো চূড়ান্ত হয়নি।