হাসিনার ফেরার ঘোষণায় উদ্বেগে বাংলাদেশ, বিপাকে ভারত
লাইফ টিভি 24
প্রকাশিত: ২২:০৪ ২৭ নভেম্বর ২০২৬
মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা দিয়েছেন। বাংলাদেশের বিজয় দিবসে দেশে ফেরার জন্য নয়াদিল্লি থেকে একটি বিশেষ সামরিক ফ্লাইটের ব্যবস্থা করতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। তা সম্ভব না হলে বাণিজ্যিক ফ্লাইটে অথবা স্থলসীমান্ত পেরিয়ে দেশে ফেরার পরিকল্পনাও প্রকাশ করেছেন আওয়ামী লীগের এই নেত্রী। তার এই ঘোষণায় রাজনৈতিক অস্থিরতার আশঙ্কা তৈরি হয়েছে। একই সঙ্গে শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া ভারতও নতুন করে কূটনৈতিক চাপের মুখে পড়েছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
উল্লেখ্য, ২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ১৭ বছরের স্বৈরাচারী শাসনের অবসান হলে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। বর্তমানে তিনি দিল্লিতে অবস্থান করছেন। মানবতাবিরোধী অপরাধের মামলায় তার অনুপস্থিতিতে বিচার শেষে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। আওয়ামী লীগের কার্যক্রমও বাংলাদেশে নিষিদ্ধ। জাতিসংঘের হিসাবে, অভ্যুত্থানের সময় নিরাপত্তা বাহিনীর হাতে সর্বোচ্চ ১ হাজার ৪০০ মানুষ নিহত হয়ে থাকতে পারেন। বাংলাদেশ সরকার জানিয়েছে, শেখ হাসিনা দেশে ফিরলে তাকে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করা হবে এবং মৃত্যুদণ্ড কার্যকরের প্রতিশ্রুতিও দিয়েছে সরকার।
এদিকে শেখ হাসিনার মুখপাত্রের বরাতে জানা গেছে, তিনি ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান। তার সহযোগী আবু ওবায়দা আরিন বলেছেন, দিল্লি থেকে বাংলাদেশ সরকারের ব্যবস্থাপনায় একটি ফ্লাইটে ফেরার ইচ্ছা তার। তা সম্ভব না হলে বাণিজ্যিক ফ্লাইটে অথবা স্থলপথে ফেরার বিকল্পও বিবেচনায় রয়েছে। বিবিসিকে আরিন বলেন, ‘‘তিনি প্রয়োজনে হেঁটেও বাংলাদেশে প্রবেশ করতে প্রস্তুত।’’
ভারতের পাঁচটি রাজ্য পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা ও মিজোরামের সঙ্গে বাংলাদেশের ৪ হাজার ৯৬ কিলোমিটার সীমান্ত রয়েছে। আরিনের দাবি, হাসিনার সমর্থকেরা সীমান্ত পার হওয়ার জন্য সম্ভাব্য নয়টি পথ চিহ্নিত করেছেন। তার ভাষায়, এটি পরিকল্পিত ও সুনির্দিষ্ট উদ্যোগ।
তবে ঢাকার অবস্থানও কঠোর। বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সাংবাদিকদের বলেছেন, হাসিনা সাধারণ কোনো যাত্রী নন বরং দণ্ডপ্রাপ্ত আসামী। তাকে হাতকড়া পরিয়েই দেশে ফিরিয়ে আনা সম্ভব। তার মতে, দেশে ফেরার ইচ্ছা আর বাস্তবতা এক বিষয় নয়। এদিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে বাংলাদেশের অনুরোধ ‘প্রতিষ্ঠিত প্রক্রিয়া’ অনুযায়ী পরীক্ষা করা হচ্ছে। তবে স্বেচ্ছায় তার দেশে ফেরার বিষয়টি আলাদা বলে উল্লেখ করেছে দিল্লি।
ফেরার ঘোষণা, রাজনৈতিক হিসাব
অনেকের ধারণা, হাসিনার দেশে ফেরার ঘোষণা কেবল দেশে ফেরার প্রতিশ্রুতি নয়। এর মাধ্যমে অন্তর্বর্তী রাজনৈতিক পরিস্থিতিতে সরকারের কর্তৃত্ব পরীক্ষা, রাজনৈতিক আলোচনায় আওয়ামী লীগকে ফিরিয়ে আনা এবং অভ্যুত্থানে একসঙ্গে থাকা দলগুলোর বিভাজনকে কাজে লাগানোর চেষ্টা করা হচ্ছে। বিজয় দিবসে ফেরার ঘোষণা দেওয়ার মধ্যেও রাজনৈতিক তাৎপর্য দেখছেন বিশ্লেষকেরা। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে পাকিস্তানের বিরুদ্ধে বিজয়ের দিনটিকে সামনে রেখে হাসিনা বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস ও রাজনৈতিক বয়ানে নিজের অবস্থান পুনরুদ্ধারের চেষ্টা করছেন বলে মনে করা হচ্ছে।
আরিনের দাবি, নির্বাসনে থেকেও হাসিনা দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। টেলিগ্রামে অডিও বৈঠকের মাধ্যমে তিনি গত ১৮ মাসে ৩০০টির বেশি সভা করেছেন। এসব বৈঠকে দেশের ৬৪ জেলা ও ৩০০ সংসদীয় আসনের নেতাকর্মীরা যুক্ত হয়েছেন। আওয়ামী লীগের ৭৮টি সাংগঠনিক ইউনিটের মাধ্যমে এসব সভা আয়োজন করা হয় এবং কোনো কোনো সভা চার থেকে পাঁচ ঘণ্টা ধরে চলে। তার দাবি, হাসিনাকে স্বাগত জানাতে সীমান্ত থেকে ঢাকা পর্যন্ত পাঁচ লাখ নয়, ৫০ লাখ মানুষ জড়ো করার সাংগঠনিক সক্ষমতা রয়েছে দলের।
আওয়ামী লীগ এখনো দেশের বড় রাজনৈতিক দলগুলোর একটি হলেও দলটির কার্যক্রম নিষিদ্ধ। শীর্ষ নেতাদের অনেকে দেশের বাইরে, কারাগারে অথবা আত্মগোপনে রয়েছেন। দলটির নেতাকর্মীদের বিরুদ্ধে হাজার হাজার মামলা হয়েছে এবং অনেক সমর্থক গ্রেপ্তার হয়েছেন। এরপরও সাম্প্রতিক মাসগুলোতে আওয়ামী লীগ সমর্থকদের ঝটিকা মিছিল ও বিক্ষোভ বেড়েছে। কয়েকটি জেলায় বোমা হামলা, অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনাও ঘটেছে। এসব ঘটনার কিছুতে কারা জড়িত তা নিয়ে বিতর্ক রয়েছে।
হাসিনার পৈতৃক জেলা গোপালগঞ্জে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা বিশেষভাবে কঠিন হয়ে পড়েছে। বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, আওয়ামী লীগ সমর্থকেরা থানায় হামলা, গাড়িতে আগুন এবং বিএনপির নেতাদের বাড়ি ও কার্যালয়ে হামলা চালিয়েছেন। কোথাও কোথাও গাছ কেটে ও টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করা হয়েছে। হামলার আশঙ্কায় কিছু এলাকায় পুলিশও পিছু হটেছে।
সংঘাত পর্যবেক্ষণকারী সংস্থা এসিএলইডির তথ্য অনুযায়ী, ২৩ নভেম্বর পর্যন্ত আওয়ামী লীগ সমর্থকেরা ৪০টি বিক্ষোভ ও ১৪০টির বেশি দাঙ্গায় অংশ নিয়েছেন। সংস্থাটির হিসাবে, চলতি মাসে রাজনৈতিক সহিংসতায় অন্তত ১১ জন নিহত হয়েছেন, যাঁদের মধ্যে দুজন বেসামরিক নাগরিক। নিহতদের ছয়জনের মৃত্যু সরাসরি চলমান অস্থিরতার সঙ্গে যুক্ত। তবে এসব সহিংসতা আওয়ামী লীগের ব্যাপক রাজনৈতিক পুনরুত্থানের প্রমাণ নয় বলে মনে করছেন অনেকে। তাদের মতে, হাসিনার ফেরার ঘোষণা হতাশ ও ছত্রভঙ্গ নেতাকর্মীদের সংগঠিত করার কৌশলও হতে পারে।
রাজনৈতিক বিভাজনকে কাজে লাগানোর চেষ্টা
ডেইলি ওয়াদা পত্রিকার সম্পাদক ও সাবেক অন্তর্বর্তী সরকারের প্রেস সচিব শফিকুল আলম মনে করেন, অভ্যুত্থানের সময় গড়ে ওঠা রাজনৈতিক ঐক্যের ফাটলকে কাজে লাগাচ্ছে আওয়ামী লীগ। বিবিসিকে তিনি বলেন, জুলাই সনদ, প্রস্তাবিত সাংবিধানিক পরিবর্তন ও গণভোট নিয়ে বিএনপি সরকারের সঙ্গে জামায়াতে ইসলামী এবং তরুণদের নেতৃত্বাধীন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মতপার্থক্য বেড়েছে। আওয়ামী লীগ এই পরিস্থিতিকে রাজনৈতিকভাবে কাজে লাগানোর সুযোগ হিসেবে দেখছে। আলমের ভাষায়, দুর্বল পুলিশ বাহিনী এবং জুলাই অভ্যুত্থানের পক্ষের রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে বিভাজনকে কাজে লাগিয়ে রাজপথে নামার সুযোগ দেখছে দলটি।
বিশ্লেষকদের মতে, হাসিনা দেশে ফিরলে আওয়ামী লীগের রাজনৈতিক অবস্থান শক্তিশালী হওয়ার বদলে বিদ্যমান রাজনৈতিক বিরোধ আরও তীব্র হতে পারে। সরকার সাম্প্রতিক সহিংসতাকে সন্ত্রাসবাদ হিসেবে বর্ণনা করছে। অন্যদিকে আওয়ামী লীগ সমর্থকেরা নিজেদের বিক্ষোভকে শান্তিপূর্ণ দাবি করে সরকারের বিরুদ্ধে দমন-পীড়নের অভিযোগ তুলছেন। দেশটির রাজনীতিতে বড় প্রশ্ন হয়ে উঠেছে, আওয়ামী লীগের মতো বড় একটি রাজনৈতিক জনগোষ্ঠীকে দীর্ঘদিন মূলধারার বাইরে রেখে স্থিতিশীলতা বজায় রাখা সম্ভব কি না।
ভারতের জন্য বাড়ছে কূটনৈতিক চাপ
শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার কারণে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আগে থেকেই টানাপোড়েনের মধ্যে রয়েছে। ঢাকার দাবি, হাসিনাকে প্রত্যর্পণ করতে হবে। অন্যদিকে দিল্লি বাণিজ্য, সীমান্ত নিরাপত্তা ও দ্বিপক্ষীয় সম্পর্কের অন্যান্য বিষয়ে আলোচনার মাধ্যমে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করছে। তবে সেই উদ্যোগে এখনো উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি। বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান দায়িত্ব নেওয়ার প্রায় ১০ মাস পার হলেও ভারত সফর করেননি। গত আগস্টে তার ভারত সফরের সম্ভাবনা তৈরি হয়েছিল। কিন্তু দিল্লিতে শেখ হাসিনার সংবাদ সম্মেলনের পর সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগে নতুন করে বাধা তৈরি হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
লন্ডনের এসওএএস বিশ্ববিদ্যালয়ের রাজনীতি ও আন্তর্জাতিক সম্পর্কের শিক্ষক অবিনাশ পালিওয়ালের মতে, হাসিনার সর্বশেষ ঘোষণা দিল্লির বদলে ঢাকার ওপর সিদ্ধান্ত নেওয়ার চাপ বাড়িয়েছে। তার মতে, গত ১০ মাসে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নে ভারত বিভিন্ন উদ্যোগ নিয়েছে। মন্ত্রিসভার মর্যাদাসম্পন্ন একজন জ্যেষ্ঠ কূটনীতিককে হাইকমিশনার নিয়োগ এবং নিরাপত্তা ও বাণিজ্য বিষয়ে নতুন আলোচনার প্রস্তাবও দিয়েছে দিল্লি। কিন্তু এসব উদ্যোগে প্রত্যাশিত সাড়া না পাওয়ায় ভারত হতাশ হয়েছে।
পালিওয়ালের মতে, ভারত চাইলে দেশটির মাটি থেকে হাসিনার রাজনৈতিক বক্তব্য দেওয়া সীমিত করতে পারে। তবে দিল্লি সেই ক্ষমতা প্রয়োগ করতে আগ্রহী কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে। তিনি মনে করেন, আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতি থেকে স্থায়ীভাবে বাদ দেওয়াও ভারতের স্বার্থের অনুকূল নয়। তার মতে, দলটির এখনো দেশের বিভিন্ন অঞ্চলে সমর্থন রয়েছে এবং বাংলাদেশের সামাজিক ও রাজনৈতিক কাঠামোর সঙ্গে দলটি যুক্ত। তাই রাজনৈতিক সমঝোতার মাধ্যমে আওয়ামী লীগকে পুনর্বাসন করা বাংলাদেশের দীর্ঘমেয়াদি স্বার্থের জন্যও গুরুত্বপূর্ণ হতে পারে।
তবে ঢাকায় এই দৃষ্টিভঙ্গি নিয়ে আপত্তি রয়েছে। শফিকুল আলমের মতে, বাংলাদেশে এমন ধারণা রয়েছে যে ভারত আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায়। অথচ হাসিনার প্রত্যর্পণ, বাংলাদেশের পোশাক রপ্তানিকারকদের সুবিধা দিতে পারে এমন ট্রানজিট সুবিধা নবায়ন এবং গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগের অগ্রগতির মতো বিষয়গুলো এখনো অমীমাংসিত। তার ভাষায়, আপাতত পর্যটন ও চিকিৎসা ভিসা চালু হলেও দ্বিপক্ষীয় সম্পর্কের অন্য অনেক বিষয় ঝুলে আছে।
নাম প্রকাশে অনিচ্ছুক ঢাকাভিত্তিক এক পররাষ্ট্রনীতি বিশ্লেষক দুই দেশের সম্পর্ককে ‘পারস্পরিক হতাশা’ হিসেবে বর্ণনা করেছেন। তার মতে, হাসিনা এখনো দুই দেশের সম্পর্কের বড় বাধা। তবে হাসিনাকে কেন্দ্র করে তৈরি অচলাবস্থা থেকে বের হওয়ার পথও খুঁজতে হবে। তার আশঙ্কা, ডিসেম্বর মাস অস্থির হয়ে উঠতে পারে এবং ঘোষিত তারিখ আবারও পিছিয়ে যেতে পারে।
ভারতের জন্য সবচেয়ে কম ক্ষতিকর সমাধান হতে পারে হাসিনার দেশে ফিরে নতুন করে বিচারের মুখোমুখি হওয়া এবং আওয়ামী লীগকে ভিন্ন নেতৃত্বে রাজনৈতিকভাবে পুনর্বাসনের সুযোগ দেওয়া। এতে বাংলাদেশের রাজনীতিতে ভারসাম্য ফিরতে পারে এবং ভারতও তার দীর্ঘমেয়াদি স্বার্থ রক্ষার সুযোগ পাবে। তবে ১৬ ডিসেম্বর হাসিনার দেশে ফেরা এখনো নিশ্চিত নয়। তার ফেরার ঘোষণাকে ঘিরে ঢাকায় বিক্ষোভ ও সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে। মৃত্যুদণ্ডের মুখে পড়তে হবে বলে হাসিনার দেশে ফেরার সম্ভাবনা কম।
তবে তার বক্তব্য সমর্থকদের মধ্যে নতুন করে উদ্দীপনা তৈরি করেছে। অন্যদিকে, হাসিনার প্রত্যাবর্তন নিয়ে অনিশ্চয়তা বাংলাদেশ-ভারত সম্পর্কের অচলাবস্থাকে আরও জটিল করছে। হাসিনা দেশে ফিরবেন অথবা ঢাকা চাপের মুখে অবস্থান পরিবর্তন করে আলোচনায় ফিরবে এর আগে দুই দেশের মধ্যে বড় ধরনের আলোচনার নতুন সুযোগ তৈরি হওয়ার সম্ভাবনা কম।
- কেউ মিথ্যা বললে বুঝবেন যেভাবে
- বয়স বাড়ছে, কমছে শ্রবণশক্তি: কান সুস্থ রাখার যত উপায়
- নিষেধাজ্ঞা উপেক্ষা
পাকিস্তানি নাটক ‘দার-ই-নিজাত’ দেখছেনই ভারতীয়রা - ডেঙ্গুতে আক্রান্ত নাহিদ রানা, যাওয়া হচ্ছে না দক্ষিণ আফ্রিকায়
- হাসিনার ফেরার ঘোষণায় উদ্বেগে বাংলাদেশ, বিপাকে ভারত
- অস্থিরতায় পোশাকের ক্রয়াদেশ হারাচ্ছে বাংলাদেশ, লাভ ভারতের
- লাল, হলুদ নাকি রাসেট আলু: কোনটি ভালো?
- ডায়াবেটিস-হৃদরোগসহ যেসব রোগের ঝুঁকি বাড়ায় অতিরিক্ত চিনি
- চুরির পরিকল্পনা ফাঁস হওয়ার আশঙ্কায় একই পরিবারের চারজনকে হত্যা
- বিনা খরচে মালয়েশিয়া গেলেন ১১২ কর্মী, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- সয়াবিন তেলের দাম বাড়াল সরকার
- টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা
- শীতে সর্দি-কাশি: অ্যান্টিবায়োটিকের বদলে পান করুন ৩ চা
- টিনএজার ছেলেকে যেসব কথা বলবেন না
- পোশাক শ্রমিকদের মজুরি কোন গ্রেডে কত বাড়ল
- বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা যুক্তরাষ্ট্রের
- নারায়ণগঞ্জে সাত খুন: ১৫ জনের মৃত্যুদণ্ড বহাল চায় রাষ্ট্রপক্ষ
- হাসিনার ফেরার পরিকল্পনা ও প্রত্যর্পণ অনুরোধ আলাদা বিষয়: ভারত
- সঙ্গী কেন বলেন, ‘তুমি আমার কোনো কথাই বোঝো না’
- চাকরির ইন্টারভিউতে যে ৭ ভুল অবশ্যই এড়িয়ে চলবেন
- বিশ্বে প্রতি ঘণ্টায় সঙ্গী বা স্বজনের হাতে খুন ৫ নারী
- প্রসাধনী পণ্যের বাজারে শীর্ষে লিলি, দ্বিতীয় স্থানে প্যারাসুট
- রংপুরে ৪ খুন: ৩০ নভেম্বরের মধ্যে অভিযোগপত্র দাখিলের সম্ভাবনা
- বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু ২৬ নভেম্বর
- খেজুরের চেয়েও বেশি ফাইবার পেতে যা যা খাবেন
- মনোযোগ ও স্মৃতিশক্তি বাড়ানোর ৪ কৌশল
- গোসলের আগে নাকি পরে: কখন তেল মাখবেন?
- গোপালগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষে গুলিবিদ্ধ ৪, আহত ২০
- কুড়িয়ে পাওয়া তিন ভরি সোনা ফেরত দিলেন চানাচুর বিক্রেতা
- হজযাত্রীদের টিকা গ্রহণের আগে করতে হবে ৭ স্বাস্থ্য পরীক্ষা
- শিশুদের ফেসবুক-ইউটিউব ব্যবহারে নীতিমালা প্রণয়নের নির্দেশ
- এআইকে যেসব ব্যক্তিগত তথ্য দেবেন না
- খেজুরের চেয়েও বেশি ফাইবার পেতে যা যা খাবেন
- মুর্তজা বশীর: যার চিত্রকর্ম ‘বিপ্লবের হাতিয়ার’
- বৃষ্টি চলবে কতদিন, শীত নামবে কবে?
- শ্রমিক আন্দোলনে পোশাক খাতে ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার
- ক্ষণিকেই রাগ কমাবে যে ৩ শব্দ
- চমক রেখে বাংলাদেশের বিপক্ষে দল ঘোষণা দক্ষিণ আফ্রিকার
- হাসিনার ফেরার পথ খুঁজতে পেট্রাপোলে নিষিদ্ধ আ. লীগের ৪ নেতা
- ৮ দফা কমলো সোনার দাম, নেপথ্যে কারণ কী?
- বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু ২৬ নভেম্বর
- সঙ্গী কেন বলেন, ‘তুমি আমার কোনো কথাই বোঝো না’
- গোসলের আগে নাকি পরে: কখন তেল মাখবেন?
- মনোযোগ ও স্মৃতিশক্তি বাড়ানোর ৪ কৌশল
- রংপুরে ৪ খুন: ৩০ নভেম্বরের মধ্যে অভিযোগপত্র দাখিলের সম্ভাবনা
- বিশ্বে প্রতি ঘণ্টায় সঙ্গী বা স্বজনের হাতে খুন ৫ নারী
- চাকরির ইন্টারভিউতে যে ৭ ভুল অবশ্যই এড়িয়ে চলবেন
- যে ৭ অভ্যাস অ্যাসিডিটি বাড়ায়
- গোপালগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষে গুলিবিদ্ধ ৪, আহত ২০
- প্রেমিকের কাছে জেন-জি নারীদের বড় প্রত্যাশা কী?
















