ঢাকা, ১৯ আগস্ট বুধবার, ২০২৬ || ৪ ভাদ্র ১৪৩৩
good-food
৫১৮

টি-টোয়েন্টি টুর্নামেন্টে আন্তর্জাতিক ব্রডকাস্ট চায় বিসিবি

লাইফ টিভি 24

প্রকাশিত: ২১:৫৪ ১ নভেম্বর ২০২০  

আসন্ন বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্ট জমকালো করতে আন্তর্জাতিক ব্রডকাস্ট চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এতে ৫ দলের অংশগ্রহণ করবেন দেশের সর্বমোট ৭৫ ক্রিকেটার।

 

বিসিবি সভাপতি নাজমুল হাসান নিশ্চিত করেছেন, টুর্নামেন্টে আন্তর্জাতিক কোনও ক্রিকেটারকে আমন্ত্রণ জানানো হবে না। তবে আয়োজনে কোনোরকম ঘাটতি রাখতে চায় না বোর্ড।

 

ক্লাবগুলোর মালিকানা বিক্রির জন্য পৃষ্ঠপোষক এবং আন্তর্জাতিক ব্রডকাস্টের জন্য ইতোমধ্যে টেন্ডার (দরপত্র) আহ্বান করা হয়েছে। পৃষ্ঠপোষকের জন্য মাঠের বিজ্ঞাপন স্বত্ব বিক্রিরও সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতার জন্য বিপুল অর্থ প্রয়োজন।

 

পৃষ্ঠপোষকদের আগ্রহের ওপর নির্ভর করছে টি-টোয়েন্টি টুর্নামেন্টের ভবিষ্যৎ। যদি পৃষ্ঠপোষকতা পাওয়া না যায়, তাহলে এর ব্যয় কমিয়ে আনা হবে। সেক্ষেত্রে বোর্ড নিজ খরচে এই টুর্নামেন্ট আয়োজন করবে। যদি অংশগ্রহণকারী ৫ দলই পৃষ্ঠপোষকতা পায়, তাহলে আয়োজন হবে জাঁকালো।

 

বিসিবি পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস সাংবাদিকদের বলেন, আমরা পৃষ্ঠপোষকদের কাছ থেকে সাড়া পাচ্ছি। শুনেছি অনেকেই আগ্রহ প্রকাশ করেছে। অনেক কোম্পানি আগ্রহ প্রকাশ করছে।

 

আন্তর্জাতিক ব্রডকাস্টের বিষয়ে তিনি বলেন, ব্রডকাস্টার পেলে আন্তর্জাতিকভাবে ম্যাচগুলো সম্প্রচার করা যাবে। আমাদের ব্রডকাস্ট হবে আলাদা, প্রোডাকশনও পৃথক। এমনকি ডিজিটাল বিষয়বস্তুও হবে আলাদা। কেউ ডিজিটাল বিষয়বস্তু নিতে পারে। আবার তারা আলাদাভাবে ব্রডকাস্ট ও প্রোডাকশন নিতে পারে।

 

নভেম্বরের মধ্যভাগে আয়োজিত হতে পারে এই টুর্নামেন্ট। সেই লক্ষ্য নিয়েই এগুচ্ছে বিসিবি। তবে টুর্নামেন্ট বিলম্বিত হওয়ার সম্ভাবনাও রয়েছে। জালাল ইউনুস বলেন, আমরা যদি আন্তর্জাতিক ব্রডকাস্ট এর জন্য চেষ্টা করি, তাহলে কিছুটা বিলম্বিত হতে পারে। এজন্য বাড়তি আট থেকে ১০ দিন সময় লাগবে। সেক্ষেত্রে ১৫ নভেম্বরের পরিবর্তে ভিন্ন তারিখে টুর্নামেন্টের আয়োজন হবে।

 

পৃষ্ঠপোষকতা পাওয়ার পর টুর্নামেন্টের দল গঠন এবং খেলোয়াড়দের পারিশ্রমিক নির্ধারণ হবে বলে জানান বিসিবির মিডিয়া কমিটির প্রধান।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর