ঢাকা, ২০ অক্টোবর মঙ্গলবার, ২০২৬ || ৪ কার্তিক ১৪৩৩
good-food
৭

গর্বের সঙ্গে বলতে পারি, বিএনপি কর্মীরা চাঁদাবাজিতে জড়িত নয়

লাইফ টিভি 24

প্রকাশিত: ০১:৪৪ ২০ অক্টোবর ২০২৬  

গর্বের সঙ্গে বলতে পারি, বিএনপির কোনো কর্মী চাঁদাবাজিতে জড়িত নয় মন্তব্য করে আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, ঝিনাইদহের শৈলকুপায় কোনো চাঁদাবাজ বা সন্ত্রাসীর ঠাঁই হবে না।

সোমবার উপজেলার স্থানীয় দোকান মালিক সমিতি ও বিভিন্ন পরিবহন শ্রমিক নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সভায় চাঁদাবাজি, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেন আইনমন্ত্রী। 

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “আমাদের এলাকায় কোনো প্রকার চাঁদাবাজি, মাদক ব্যবসা বা সন্ত্রাসীদের স্থান হবে না। ব্যবসায়ী ও শ্রমজীবী মানুষকে ভয়ভীতি বা জোর খাটিয়ে চাঁদা দাবি করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

এলাকার অবকাঠামোগত উন্নয়নে অঙ্গীকার ব্যক্ত করে মন্ত্রী বলেন, “শৈলকুপা বাজারের আধুনিকায়ন ও সুন্দর পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে।”

এ ছাড়া পরিবহনশ্রমিকদের অধিকার ও নিরাপত্তার বিষয়ে তিনি বলেন, “ভ্যান, রিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা ও মাহিন্দ্রা চালকরা আমাদের সমাজের চালিকাশক্তি। সড়ক ও রুটে শ্রমিকরা যেন কোনো ধরনের হয়রানি বা চাঁদাবাজির শিকার না হন, তা নিশ্চিত করা হবে।”

উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে সভাটি আয়োজন করা হয়। 

শৈলকুপা বাজার দোকান মালিক সমিতির সভাপতি আবু তালেব মিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সেলিম রেজা ঠান্ডুর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শিল্পপতি ও রোজ গ্রুপের চেয়ারম্যান প্রবীর সাহা বিদ্যুৎ, স্থানীয় ব্যবসায়ী, পরিবহন শ্রমিক সংগঠনের প্রতিনিধি, বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।

রাজনীতি বিভাগের পাঠকপ্রিয় খবর