ঢাকা, ১০ ফেব্রুয়ারি মঙ্গলবার, ২০২৬ || ২৮ মাঘ ১৪৩২
good-food
৭৭১

ধর্ষণ অভিযোগ থেকে মুক্তি পেলেন রোনালদো

লাইফ টিভি 24

প্রকাশিত: ২১:৫৩ ২৩ জুলাই ২০১৯  

ক্রিশ্চিয়ানো রোনালদোর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রসিকিউটররা। ক্যাথরিন মায়ারগো নামে এক নারী তার বিরুদ্ধে এ অভিযোগ এনেছিলেন।

যেখানে বলা হয়েছিল, লাস ভেগাসের এক হোটেলে ২০০৯ সালে রোনালদো তাকে ধর্ষণ করেন। যদিও জুভেন্টাস খেলোয়াড় শুরু থেকেই তা অস্বীকার করে আসছেন।

৩৪ বছর বয়সী মায়ারগো পেশায় একজন শিক্ষিকা ছিলেন। বলা হয়, এ ব্যাপারে যেন মুখ না খোলেন সেজন্য আদালতের বাইরে রোনালদোর সঙ্গে তার ২০১০ সালে আপস-রফা হয়েছিল। বর্তমানে ফুটবল বিশ্বের অন্যতম সেরা এ খেলোয়াড় এজন্য তাকে ৩ লাখ ৭৫ হাজার ডলার দেন।

তবে গত বছর পুনরায় অভিযোগ তোলেন মায়ারগো। এ বিষয়ে সোমবার এক বিবৃতিতে লাস ভেগাসের প্রসিকিউটররা বলেছেন, এ অভিযোগ প্রমাণ করা যায়নি। রোনালদোর বিরুদ্ধে কোনও অভিযোগ আনা হচ্ছে না।

ক্লার্ক কাউন্টি জেলা অ্যাটর্নি অফিস জানায়, ভুক্তভোগী ২০০৯ সালে একটি যৌন হামলার অভিযোগ জানান। কিন্তু তা কোথায় ঘটেছে বা হামলাকারী ব্যক্তি কে-তা জানাতে অপারগতা প্রকাশ করেন।ফলে অর্থবহ তদন্ত চালিয়ে নিতে ব্যর্থ হয় পুলিশ।

২০১৮ সালের আগস্টে ভুক্তভোগী নারীর অনুরোধে লাস ভেগাসের পুলিশ এ অপরাধের অভিযোগের তদন্ত শুরু করেন। বিবৃতিতে বলা হয়, সেসময়ের তথ্য পর্যালোচনা করে রোনালদোর বিরুদ্ধে যৌন হামলার অভিযোগ প্রমাণিত হয়নি। ফলে তার বিরুদ্ধে কোনও অভিযোগ আনা হচ্ছে না।

ক্রীড়াবিষয়ক বিখ্যাত জার্মান সাপ্তাহিক পত্রিকা দার স্পাইজেল নামের একটি ম্যাগাজিনে গত বছর প্রথম এ ধর্ষণের অভিযোগের খবর আসে। বলা হয়, ২০১০ সালে রোনালদো আদালতের বাইরে ৩ লাখ ৭৫ হাজার ডলার দেন মায়োরগাকে। যেন তিনি এ ব্যাপারে কোনও অভিযোগ না তোলেন।

মায়োরগার আইনজীবী লেজলি স্টোভাল জানান, যৌন নির্যাতনের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে 'মি টু ক্যাম্পেইন' ছড়িয়ে পড়ার পর তার মক্কেল এ অভিযোগ পুনরায় সামনে তুলে ধরতে উৎসাহিত হন।

রোনালদো ধর্ষণের অভিযোগ অস্বীকার করেছেন। তবে ২০০৯ সালে লাস ভেগাসে ওই নারীর সঙ্গে সাক্ষাতের ঘটনা অস্বীকার করেননি। বলেছেন, তাদের মধ্যে যা ঘটেছে তা উভয়ের সম্মতিতেই হয়েছে।

সেসময় রোনালদো ম্যানচেস্টার ইউনাইটেড ক্লাবের হয়ে খেলতেন। রিয়াল মাদ্রিদে যোগ দেয়ার কথা-বার্তা চলছিল। যেখানে পরবর্তী ৯ বছর খেলেন তিনি। গত জুলাই মাসে তিনি জুভেন্টাসে যোগ দেন।

রোনালদো বিশ্বের সেরা ফুটবলার হিসেবে ব্যালন ডি'অর অ্যাওয়ার্ড জিতেছেন একাধিকবার। ২০০৮, ২০১৩, ২০১৪, ২০১৬ ও ২০১৭ সালে এ পুরস্কার জেতেন তিনি।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর