ঢাকা, ২৬ আগস্ট বুধবার, ২০২৬ || ১০ ভাদ্র ১৪৩৩
good-food
১০

আবেগের বন্যায় সম্পর্ক ডুবছে না তো?

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৪:২৮ ২৫ আগস্ট ২০২৬  

প্রেমের শুরুর দিনগুলো হয় মায়াবী হাতছানিতে ভরা। দুজন দুজনকে চেনা, জানার এক তীব্র আকাঙ্ক্ষা কাজ করে তখন। কিন্তু এই জানার আগ্রহ যখন ‘আবেগের বন্যায়’ রূপ নেয়, তখনই দেখা দেয় বিপত্তি। মনোবিজ্ঞানের ভাষায় একে বলা হচ্ছে ‘ফ্লাডলাইটিং’। আধুনিক সম্পর্কের জটিলতায় এই বিষয়টি এখন এক বড় আতঙ্ক। আপনার সুন্দর শুরু হওয়া প্রেমটি কি অকালেই ঝরে যাচ্ছে? তবে জেনে নিন ‘ফ্লাডলাইটিং’ নামের এই অদৃশ্য শত্রু সম্পর্কে

আবেগ যখন সুনামির মতো আসে

সাধারণত আমরা মনে করি, সঙ্গীর কাছে মনের সব গোপন কথা বা জীবনের সব দুঃখের স্মৃতি শেয়ার করলেই বুঝি সম্পর্ক গভীর হয়। কিন্তু সমস্যাটা বাঁধে তখনই, যখন আপনি সম্পর্কের একদম শুরুর দিকেই আপনার জীবনের সব বড় বড় ট্রমা, ব্যর্থতা বা পারিবারিক গোপন কথা অপরপক্ষের ওপর ‘উগরে’ দেন। স্টেজ লাইটের তীব্র আলো যেমন চোখ ধাঁধিয়ে দেয়, তেমনি এই অতিরিক্ত আবেগীয় প্রকাশ সঙ্গীকে দিশেহারা করে ফেলে। একেই বলে ফ্লাডলাইটিং।

কেন বিপজ্জনক?

জনপ্রিয় গবেষক ব্রেন ব্রাউন এই বিষয়টি নিয়ে চমৎকার ব্যাখ্যা দিয়েছেন। তার মতে, ‘ভালনারেবিলিটি’ বা নিজের দুর্বলতা প্রকাশ করা সাহসের কাজ, কিন্তু সেটা হতে হবে ধাপে ধাপে। ফ্লাডলাইটিংয়ের ফলে যা ঘটে:

  • সম্পর্কের বয়স যখন মাত্র কয়েক দিন বা মাস, তখন হুট করে বড় কোনো মানসিক কষ্টের গল্প শুনলে অন্য পক্ষ মানসিকভাবে তা গ্রহণ করার জন্য প্রস্তুত থাকে না। ফলে সে নিজেকে গুটিয়ে নেয় বা ‘ঘোস্টিং’ (হুট করে যোগাযোগ বন্ধ করা) করে।
  • দ্রুত সব বলে দিয়ে আপনি যে ঘনিষ্ঠতা তৈরি করতে চান, তা আসলে বালির বাঁধের মতো। এখানে বিশ্বাসের শক্ত ভিত্তি তৈরি হওয়ার আগেই আবেগের সুনামি সব ধসিয়ে দেয়।
  • সবকিছু বলে দেওয়ার পর নিজের ভেতরেই এক ধরনের শূন্যতা বা লজ্জিত হওয়ার অনুভূতি তৈরি হয়। মনে হয়, “কেন এত সব বলতে গেলাম!”

ট্রমা ডাম্পিং বনাম স্বাস্থ্যকর আলোচনা

অনেকেই ‘ট্রমা ডাম্পিং’-কে সততা মনে করেন। ধরুন, প্রথম ডেটেই আপনি আপনার প্রাক্তন প্রেমিকের প্রতারণা কিংবা শৈশবের কোনো তিক্ত অভিজ্ঞতা নিয়ে ঘণ্টার পর ঘণ্টা কথা বললেন। এটি আপনার জন্য হালকা হওয়ার উপায় হতে পারে, কিন্তু আপনার সঙ্গীর জন্য এটি এক ধরনের ‘আবেগীয় বোঝা’। স্বাস্থ্যকর সম্পর্কের নিয়ম হলো, আগে বিশ্বাস অর্জন করুন, তারপর ধীরে ধীরে নিজের গভীর স্তরের গল্পগুলো বলুন।

ফ্লাডলাইটিং থেকে বাঁচার উপায়:

  • মনে রাখবেন, প্রেম কোনো ১০০ মিটারের দৌড় নয়, বরং এটি একটি ম্যারাথন। নিজেকে পুরোপুরি মেলে ধরার আগে নিশ্চিত হোন সামনের মানুষটি সেই ভার বইতে পারবে কি না।
  • শুরুতে ছোট ছোট ব্যক্তিগত তথ্য শেয়ার করুন। দেখুন সে কতটা গুরুত্ব দিয়ে শুনছে বা সহমর্মিতা দেখাচ্ছে। সে যদি সংবেদনশীল হয়, তবেই পরের ধাপে যান।
  • শুধু নিজের কথা না বলে তাকেও বলতে দিন। সম্পর্কটা যেন ‘একতরফা টক শো’ না হয়ে যায়।
  • যদি মনে হয় আপনার মনের ভেতরের জমানো কথাগুলো কাউকে না বললে দম বন্ধ হয়ে আসছে, তবে প্রেমিকের চেয়ে একজন থেরাপিস্ট বা কাউন্সিলর এক্ষেত্রে বেশি কার্যকর হতে পারেন।

আলো যতটুকু দরকার, ঠিক ততটুকুই সুন্দর। ফ্লাডলাইটের তীব্র আলো যেমন দৃষ্টি কেড়ে নেয়, তেমনি সম্পর্কের শুরুতে অতিরিক্ত আবেগের প্রকাশ অপরপক্ষকে অন্ধ করে দেয়। সে তখন আপনার ব্যক্তিত্ব নয়, বরং আপনার সমস্যাগুলোকেই বড় করে দেখে। তাই আবেগের কল কল ঝরনাধারা হোক ধীরস্থির, তবেই বেঁচে থাকবে সম্পর্কের স্নিগ্ধতা।

লাইফস্টাইল বিভাগের পাঠকপ্রিয় খবর